জেড নিউজ, ঢাকা:
ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
এ সময় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনার কথা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বৈঠকে মত প্রকাশ করা হয়।




