জেড নিউজ ডেস্ক:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে মাদুরোকে এমডিসিতে নেওয়ার বিষয়টি জানিয়েছে বিবিসি। লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাঁকে প্রায় ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে এই আটক কেন্দ্রে নেওয়া হয়।
আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগে মাদুরোকে এই কেন্দ্রে রাখা হবে বলে জানা গেছে।গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সঙ্গে আনা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। তবে ফ্লোরেস এখন কোথায় আছেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অবিলম্বে মাদুরোর মুক্তি চাইল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত মাদুরো এবং তাঁর স্ত্রীকে মুক্তি দেওয়া। তাঁদের আটককে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে চীন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বের করে দেওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। চীন আমেরিকার প্রতি রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার, অবিলম্বে তাঁদের মুক্তি দেওয়ার, ভেনেজুয়েলার সরকার উৎখাত প্রচেষ্টা বন্ধ করার এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।



