spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী

জেড নিউজ, ঢাকা:

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা ও দেশে গচ্ছিত অবৈধ অর্থ ব্যবহার করে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে চলমান অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। এ জন্য বিদেশে পাচার করা অর্থের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা কালো টাকা ব্যবহারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে এ বিষয়ে দিন-রাত সতর্ক থাকতে হবে। তবে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক-বিমাসহ দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। ঋণের নামে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিপুল ঋণের বোঝা ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে।

জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তরুণদের অসীম সাহসিকতা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। তাদের অবদান রাষ্ট্র ও জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশ দীর্ঘদিনের ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপিত হয়, সে জন্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জনতার দলের সদস্য সচিব তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়