জেড নিউজ, ঢাকা:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন নীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কোনো কলঙ্ক নিতে রাজি নয়। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সে বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মীর শাহে আলম।
চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তে সরকার এখনও বহাল রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে, নির্বাচনের আরো তারিখ নির্ধারণের সুযোগ থাকলে তা বের করে যেন সব নির্বাচন জুনের মধ্যে সম্পন্ন করা হয়।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। এই অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো আয়োজন করা সম্ভব না হলে বরাদ্দকৃত অর্থ অব্যবহৃত থেকে যাবে এবং পরবর্তী অর্থবছরে চলে যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্তভাবে জানাতে পারবে। সরকার বিনয়ের সঙ্গে নির্বাচন কমিশনকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। এই ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন। দেশের প্রায় চার হাজার ৩০০টি নির্বাচন উপযোগী ইউপিতে আগামী ২৭ মের মধ্যে মোট পাঁচটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির ১৩তম কমিশন সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়।
সরকার এসব নির্বাচনে বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।





