জেড নিউজ স্পোর্টস:
শেষ মুহূর্তে জোড়া গোল করে লিভারপুলের প্রত্যাবর্তনের আশা ভেঙে দেন উসমান দেম্বেলে। আর এতেই দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।
গেল সপ্তাহে ফ্রান্সের মাঠে ২-০ ব্যবধানে হারের পর অ্যানফিল্ডে এসে আরেকটি স্মরণীয় কামব্যাকের আশায় ছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পাওয়া একটি পেনাল্টি ভিএআর যাচাইয়ের পর বাতিল হয়ে গেলে তাদের স্বপ্নের পথে প্রথম ধাক্কাটি লাগে।
ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে প্রথম লেগে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছিলেন। অ্যানফিল্ডেও প্রথমার্ধে দুইবার গোলের সুযোগ হাতছাড়া করেন তিনি। তবে শেষ পর্যন্ত তার দক্ষতায়ই জয়ের দেখা পায় তার দল।
৭২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ম্যাচের প্রথম গোলটি করেন দেম্বেলে। তখনই ঘরের মাঠের দর্শকরা স্তব্ধ হয়ে যায়। অতিরিক্ত সময়ে কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান তিনি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। প্রথম লেগে বায়ার্ন ২-১ ব্যবধানে জিতে রয়েছে।
উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের মতো পিএসজির কাছে হেরে বিদায় নিল লিভারপুল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে লিভারপুলের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে থাকা জরুরি।





