spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মঙ্গল গ্রহে বরফের বুকে দেখা মিলল রহস্যময় ‘গাছের বন’!

জেড নিউজ ডেস্ক:

মঙ্গল গ্রহে গাছের মতো দেখতে কিছু রহস্যময় গাঢ় আকৃতির সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বরফে ঢাকা বালিয়াড়ির ওপর ছড়িয়ে থাকা এসব আকৃতি দূর থেকে দেখলে মনে হয়, যেন বরফের মধ্যে গড়ে উঠেছে কোনো বন। তবে বিজ্ঞানীরা বলছেন, এগুলো আসলে গাছ নয়; বরং বালিয়াড়ির ওপর তৈরি হওয়া গাঢ় রঙের রেখা ও নকশা।

সম্প্রতি, নাসার ‘মার্স রিকনিসেন্স অরবিটার’ (এমআরও) মহাকাশযানের ক্যামেরায় মঙ্গল গ্রহের উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলের এই দৃশ্য ধরা পড়েছে। ছবিতে বরফে ঢাকা বালিয়াড়ির ওপর গাছের শাখা-প্রশাখার মতো ছড়িয়ে থাকা গাঢ় রেখাগুলো স্পষ্ট দেখা যায়।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মঙ্গল গ্রহের শীতকালে বালিয়াড়িগুলো কার্বন ডাই-অক্সাইডের বরফে (শুষ্ক বরফ) ঢেকে যায়। বসন্তকালে সূর্যের আলোয় এই বরফ উত্তপ্ত হতে শুরু করে। তখন বরফ তরল পানিতে পরিণত না হয়ে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন।

বরফের নিচে গ্যাস জমতে থাকায় একপর্যায়ে চাপ তৈরি হয়। পরে বরফের আস্তরণ ফেটে গেলে গ্যাসের সঙ্গে গাঢ় রঙের বালু ও ধুলিকণা বাইরে বেরিয়ে আসে। সেগুলো বালিয়াড়ির ঢাল বেয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ে। এভাবেই তৈরি হয় গাছের শাখা-প্রশাখার মতো দেখতে অদ্ভুত সব নকশা।

নাসার তোলা ছবিতে একটি বালিয়াড়ি থেকে ধুলোর মেঘ উঠতেও দেখা গেছে। বালিয়াড়ির ঢাল বেয়ে হঠাৎ বালু ও ধুলিকণা নিচে নেমে যাওয়ার ফলেই এই মেঘের সৃষ্টি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মঙ্গল গ্রহের বালিয়াড়িগুলো স্থির নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোর অবস্থানও বদলায়। মঙ্গলের এক বছরে কোনো কোনো বালিয়াড়ির নিচের অংশ প্রায় ৪ দশমিক ৭ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়