spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কোনো কিছু মন থেকে চাইলে একদিন পূরণ হবেই : শাহরুখ খান

জেড নিউজ ডেস্ক : 

নিজের একটি বাড়ি থাকবে, ছোটবেলা থেকেই এমন স্বপ্ন দেখতেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জীবনের সেই আকাঙ্ক্ষা থেকে একসময় কিনেছেন মুম্বাইয়ের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’।

সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের বাড়ির স্বপ্ন ও তা পূরণের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা। এ সময় ভক্তদের উদ্দেশে তিনি বলেন, কোনো কিছু মন থেকে চাইলে একদিন তা পূরণ হবেই।
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ ও করণ জোহর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ।

দুই দীর্ঘদিনের বন্ধুর কথোপকথনে ছিল হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ। একপর্যায়ে নিজের বাড়ির স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ।
অভিনেতা জানান, ছোটবেলায় তার এমন কোনো বাড়ি ছিল না, যেটিকে নিজের স্বপ্নের বাড়ি বলে মনে হতো। তাই নিজের একটি ঠিকানা থাকার আকাঙ্ক্ষা তার মধ্যে সব সময় কাজ করেছে।

এমন একটি জায়গা চেয়েছিলেন, যেখানে তিনি নিজেকে আপন মনে করবেন এবং নিজের বলে পরিচয় দিতে পারবেন।

নিজের প্রথম বাড়ি কেনা এবং পরবর্তী সময়ে মুম্বাইয়ের ‘মান্নাত’ কেনার সিদ্ধান্ত যে খুব বাস্তবসম্মত ছিল না, সেটিও স্বীকার করেন অভিনেতা। বিশেষ করে মান্নাত তার কল্পনারও বাইরে ছিল। তবে বাড়ির সঙ্গে মানুষের পরিচয় ও আপন অনুভূতির সম্পর্ক তাকে এমন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার মতে, একটি বাড়ি মানুষের পরিচয়ের অংশ হয়ে ওঠে। সেখানে তৈরি হয় নিজের বলে ভাবার মতো একটি জায়গা।
যারা নিজের বাড়ির স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ। তার কথায়, কেউ যদি মন থেকে কোনো কিছু চান, তাহলে মহাবিশ্ব ও আল্লাহ সেই স্বপ্ন পূরণে সহায়তা করবেন। শাহরুখের ওম শান্তি ওম সিনেমার ভক্তদের কাছে তার এই বক্তব্যের সঙ্গে পরিচিত আবহ খুঁজে পাওয়া যেতে পারে। তবে এবার নিজের ছোটবেলার স্বপ্নের কথা বলেই এমন মন্তব্য করেছেন তিনি।

বাড়ির গল্প ও স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে নিজের আসন্ন সিনেমা কিং-এর গান ‘তু মিল যায়ে’র তালে নেচেও দর্শকদের আনন্দ দেন শাহরুখ। তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কয়েকটি সংলাপ বলেন এবং ভক্তদের সামনে পরিচিত দুই হাত প্রসারিত করার ভঙ্গিতে পোজ দেন তিনি।

অনুষ্ঠানে শাহরুখের পোশাকও ছিল আলোচনায়। কালো রঙের ব্লেজার ও একই রঙের ট্রাউজার পরেছিলেন অভিনেতা। ব্লেজারের কলার ও হাতায় ছিল নকশা করা অলংকরণ। সঙ্গে সানগ্লাস, কানে দুল এবং পরিচিত লবণ-মরিচ রঙের চুল-দাড়ি। সব মিলিয়ে অল-ব্ল্যাক লুকে নজর কাড়েন তিনি।

শাহরুখের আসন্ন সিনেমা কিং-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পায় গত ২ নভেম্বর, অভিনেতার জন্মদিনে। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্টিক গানটি সিনেমার গল্প ও আবহের একটি ঝলক তুলে ধরেছে।

প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে দুবাইয়ের আবাসন প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। দুবাই মেরিটাইম সিটিতে গড়ে ওঠা প্রকল্পটির মাধ্যমে ডানিউব প্রপার্টিজের সঙ্গে আবারও যুক্ত হলেন শাহরুখ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজানের সঙ্গে এর আগে অভিনেতার নামাঙ্কিত একটি বাণিজ্যিক টাওয়ার নির্মাণের কাজেও যুক্ত ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়