জেড নিউজ ডেস্ক:
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলে রাফিকে (২১) গ্রেপ্তার করেছে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মোস্তফার ছেলে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছে। রোববার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঘরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাফি তার মা লাকি আক্তার (৪০), বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলাকে (১৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
দাগনভূঞা থানার ওসি বলেন, ‘রাফি নামের ওই ছেলে কুপিয়ে মাকে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। অভিযুক্ত রাফিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


