জেড নিউজ স্পোর্টস:
বারবার সময় পেছাচ্ছে; কিন্তু কোচ নিয়ে কোনো সুরাহা হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি জানিয়েছিলেন, রোববার জাতীয় দলের নতুন কোচের নাম জানাবেন। কিন্তু এখন জানা যাচ্ছে, ১৫ মে’র আগে সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ হামজা চৌধুরীদের কোচ নির্বাচনের প্রক্রিয়া এখনো পর্যালোচনা করছেন বাফুফের কর্তারা।
সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যান। ৫৫ বছর বয়সি কোলম্যান খেলোয়াড়ি জীবনে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন ফুলহাম এফসি, সাদারল্যান্ড এএফসি এবং রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবে।
তবে তার সবচেয়ে বড় সাফল্য ওয়েলস জাতীয় দলের কোচ হিসাবে। তার অধীনে ওয়েলস ২০১৬ ইউরোতে সেমিফাইনাল খেলেছিল এবং ফিফা র্যাংকিংয়ে ১১৭ থেকে উঠে গিয়েছিল আট নম্বরে।
কোলম্যানের পাশাপাশি আলোচনায় রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সি এই কোচ খেলোয়াড় হিসাবে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠে নেমেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।
নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে শুধু হেড কোচ নয়, তার সঙ্গে আসা পুরো কোচিং স্টাফ, অবকাঠামো, অনুশীলন সুবিধা ও আর্থিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আন্তর্জাতিক মানের কোচরা সাধারণত নিজেদের সহকারী স্টাফ নিয়েই কাজ করতে চান।
বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, পুরো কোচিং স্টাফের পেছনে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। তবে দেশের ফুটবল এগিয়ে নিতে এই বিনিয়োগে প্রস্তুত বাফুফে। ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতাও আশা করছে তারা।



