০৭/০৫/২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

    জেড নিউজ, ঢাকা:

    সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ।

    আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত স্থানে এই কর্নারের উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

    রাজধানীর সরকারি সেবাকেন্দ্রগুলোকে আরও জনবান্ধব করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে অনেক মা থাকেন, যাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকে। জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে এই মায়েদের বিড়ম্বনায় পড়তে হয়।

    মায়েদের সেই অস্বস্তি দূর করতে এবং শিশুদের মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতেই বিশেষ এই কর্নার স্থাপন করা হয়েছে। এটি কেবল সেবাগ্রহীতাদের জন্যই নয়, বরং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নারী কর্মীদের কর্মপরিবেশকেও আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলে তিনি উল্লেখ করেন।

    জেলা প্রশাসন সূত্র জানায়, নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নারটি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে সাজানো হয়েছে। এখানে মায়েদের বসার আরামদায়ক ব্যবস্থা, শিশুদের জন্য ছোট খেলনা এবং গোপনীয়তা রক্ষার জন্য প্রয়োজনীয় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই উদ্যোগ এরই মধ্যে সাধারণ সেবাগ্রহীতা ও কর্মরত নারীদের প্রশংসা কুড়িয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও নেজারত ডেপুটি কালেক্টরসহ (এনডিসি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা এই উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন এবং আগামী দিনে জনসেবার মান আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়