টাঙ্গাইল প্রতিনিধি:
১৪ এপ্রিল ১লা বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলে আগমন করছেন। তার সফরকে ঘিরে টাঙ্গাইলসহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে দেশে তার দ্বিতীয় জেলা সফর ও টাঙ্গাইলে প্রথম আগমন।
এদিকে প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শহরে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।
প্রধানমন্ত্রী টাঙ্গাইল এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর তিনি কৃষক সমাবেশে ভাষণ দিবেন। শেষে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।
তার আগমন উপলক্ষে শহরের রাস্তা-ঘাট মেরামত করা হচ্ছে ও তৈরি করা হচ্ছে গেট ও তোরণ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। ভবন, গ্যালারিসহ আশপাশের সড়ক ও এলাকায় চলছে পরিচ্ছন্নতার কাজ। সারা শহরেই চলছে সাজসজ্জা। প্রধানমন্ত্রী আসছেন, তাই ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। সর্বস্তরের মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত ও গর্বিত। তাকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন জেলাবাসি।
জেলা বিএনপি বলছে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এ সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের সীমানা গোড়াই থেকে রাস্তার দুই পাশে তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দেবে।



