১৮/০৩/২০২৬, ১৮:৪০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঈদে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা

    জেড নিউজ ডেস্ক।

    আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে জমে উঠতে যাচ্ছে সিনেমার লড়াই। একইদিনে মুক্তি পাচ্ছে অন্তত পাঁচটি নতুন সিনেমা। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিগুলো সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে। ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত এই সিনেমাগুলোকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।

    মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির স্থিতিকাল ২ ঘণ্টা ২৯ মিনিট। সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ অনেকে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা ‘দম’। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমাটি থ্রিলার ঘরানার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী প্রমুখ। আরেক সিনেমা ‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অ্যাকশন ও ক্রাইমধর্মী গল্পে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।

     

    নির্মাতার মতে, গল্প ও উপস্থাপনায় সিনেমাটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। ঈদে মুক্তির তালিকায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমসহ অনেকে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন মানুষের জীবনের গল্প নিয়ে এগিয়েছে ছবিটির কাহিনী।

    এ ছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘প্রেশার কুকার’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি নারীকেন্দ্রিক গল্পে নির্মিত। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। ঈদ উপলক্ষে একসঙ্গে পাঁচটি সিনেমা মুক্তি পাওয়ায় দেশের প্রেক্ষাগৃহে জমে উঠবে সিনেমার প্রতিযোগিতা, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়