জেড নিউজ, ঢাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এখন সেই ভয়ংকর জঙ্গল এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে। অথচ এক মাস আগেও ছিল আতঙ্ক আর ভীতির জনপদ।
প্রবেশপথে থাকত সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা। পাহাড়ঘেরা এ এলাকায় ঢুকতে গেলে দেখাতে হতো বিশেষ পরিচয়পত্র। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভেতরে যেতে পারতেন না। অভিযান চালাতে গিয়ে তারা হামলার শিকার হয়ে ফিরে এসেছেন।
গত ২ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের পর জঙ্গল সলিমপুরের দৃশ্যপট পাল্টে গেছে।
প্রথমবারের মতো একটি বড় অভিযান রক্তপাত ছাড়াই শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার মুখেও পড়েননি। আগেই পালিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসীরা।
অভিযানের পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় যৌথ বাহিনী। ভেতরে স্থাপন করা হয়েছে পুলিশের দুটি অস্থায়ী ক্যাম্প। নিয়মিত টহল চলছে। সন্ত্রাসীদের প্রকাশ্য আনাগোনা নেই। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এলাকায় যাতায়াত করছেন।



