জেড নিউজ ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন একটি ঘটনায় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান জানান, তিনি প্রথমে শুনেছিলেন যে মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে জানানো হয়, আল্লাহর রহমতে মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে। তবে তাঁর আঘাতের প্রকৃতি বা কোথায় কীভাবে তিনি আহত হয়েছেন—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মাত্র তিন দিন আগে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। ফলে তাঁর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল।
এর মধ্যেই নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি এবং দুজন ইসরায়েলি কর্মকর্তার দাবি অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। তবে ইরান সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখন নিরাপদ আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান



