spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

৬ রানের জয়ে বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্স

জেড নিউজ স্পোর্টস:

ক্রিকেট ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনালের সাক্ষী হলো গ্লোবাল সুপার লিগ। মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পরও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস থেমে যায় ৭৯ রানে। ফলে ৬ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম লেখায় গায়ানা।

শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে মাত্র ২৯ রানে ধুঁকছিল ওয়ারিয়র্স। পিটার সিডলের দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে দলটির শক্তিশালী টপ অর্ডার, যেখানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও শিমরন হেটমায়ার এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির মতো নিয়মিত খেলোয়াড়রা।

সিডলের নিখুঁত লাইন-লেংথ এবং পিচ থেকে মুভমেন্ট সামলাতে পারেননি চার্লস, হেটমায়ার ও মোহাম্মদ হারিস। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে শেষ করেন তিনি। এই বোলিংয়ে মনে হচ্ছিল, ইউনিকর্নসের বড় জয় প্রায় নিশ্চিত।

এরপরও গায়ানা ৮৫ রান করতে পেরেছে তাদের ৯ থেকে ১১ এই তিন ব্যাটারের কল্যাণে। ডোয়েন প্রিটোরিয়াস ১৭, ম্যাথিউ ফোর্ড ২৮ আর ইমরান তাহির করেন ১১ রান।

রান তাড়া করতে নেমে তরুণ অস্ট্রেলিয়ান অলিভার পিকের ৩১ রানে ভর করে ভালো অবস্থানে ছিল সান ফ্রান্সিসকো। ২৮ রানে ৩ উইকেট হারালেও এরপর ৫০ রান তুলে নেয় নির্বিঘ্নেই। এরপরই শুরু হয় ধস। ৫৩ থেকে ৫৮, এই ৫ রানে তারা খুইয়ে বসে ৫ উইকেট। এ সময় মোহাম্মদ নবী ৩ আর ইমরান তাহির নেন ২টি উইকেট।

শুরুতে বল হাতে গায়ানাকে বিপাকে ফেলা সিডল ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন। তবে তার ১৩ রানের অপরাজিত ইনিংসটি ব্যবধানই কমাতে পেরেছে কেবল, ওপাশে সঙ্গীর অভাবে ৭৯ রানে শেষ হয় সান ফ্রান্সিসকোর ইনিংস।

এদিকে গায়ানা আমাজন ওয়ারিয়র্স গড়ে ফেলেছে নতুন ইতিহাস। যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করে সবচেয়ে কম রান করেও জয়ের রেকর্ড এখন তাদের দখলে। এর আগে এই রেকর্ড ছিল সিডনি সিক্সার্সের। ২০২০ সালের বিগ ব্যাশ ফাইনালে ১১৬ রান করেও শিরোপা জিতেছিল তারা।

গায়ানার এই জয় শুধু শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তৈরি করেছে বিরল এক রেকর্ড। টি-টোয়েন্টির কোনো টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কমে অলআউট হয়ে কোনো দল এর আগে চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথমবারের মতো সেই রেকর্ড গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়