বিশ্বজুড়ে ৩৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর ও প্রোফাইল ছবি ফাঁস হয়ে গেছে। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় ও এসবিএ রিসার্চের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাপটির একটি বড় দুর্বলতার কারণে ব্যবহারকারীদের প্রোফাইল তথ্য গোপনে সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীই ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিতে ছিল।
গবেষক দলের প্রধান গ্যাব্রিয়েল গেগেনহুবার জানিয়েছেন, ‘একটি উৎস থেকে এত বড় সংখ্যক অনুরোধ স্বাভাবিক নয়, এবং এই অস্বাভাবিক আচরণই ত্রুটিটি প্রকাশ করেছে, যা প্রায় অসীম সংখ্যক অনুরোধ পাঠানোর সুযোগ সৃষ্টি করেছে।’
গবেষক দলের সদস্য আলইওশা ইউডমায়ার আরও জানিয়েছেন, ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি বার্তা বিষয়বস্তু সুরক্ষিত রাখে, তবে মেটাডেটা সুরক্ষিত থাকে না। বিপুল পরিমাণ মেটাডেটা বিশ্লেষণ করলে গোপনীয়তা বিপদে পড়তে পারে।’
মেটা পরে স্বীকার করেছে যে, ব্যবস্থাপনায় ত্রুটি ছিল, তবে এখন সেই ত্রুটি ঠিক করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এখন থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের ফোন নম্বর ও প্রোফাইল ছবি খোঁজার ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করা হবে এবং এর জন্য খরচও নির্দিষ্ট করা হবে।



