জেড নিউজ, ঢাকা:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।
এ সময় তাদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’সহ নানা স্লোগান দেন।
এ দিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।
এ সময় সাজিদ নামে এক ছাত্রদল কর্মী বলেন, বাংলাদেশের আগামীর কর্নধার তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি।
হাদির কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান।



