মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরিফের চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ মীর গ্রুপের বিরোধ চলছিল।
সোমবার সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে বের হলে শাহ কামালের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, “দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এরমধ্যে আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”



