জেড নিউজ:
বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তাঁর আঙুলের ছাপ দিয়েছেন।
বগুড়ার গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন, তবে জয়ের পর প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন।
জেলা বিএনপির সূত্র বলছে, আসছে জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলেও একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। আজ বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে মোরশেদ মিল্টন বলেন, ‘দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই চেয়ারপারসনের আসনে মনোনয়নপত্র দাখিল করছি। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়েই এ বিষয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
০০
ফেনী-১ আসনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।
একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেনী-১ আসনে তার বিকল্প হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি চেয়ারপারসন ফেনী-১ আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলালসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
একই সময়ে ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন এবং ফেনী-৩ আসনে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ ছাড়া ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া এবং ফেনী-৩ আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।



