২৫/০৪/২০২৬, ১৯:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ভোটে হারেননি কখনো

    জেড নিউজ, ঢাকা।

    দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। এই সময়ে তিনি কখনো অসংযত হয়ে কথা বলেননি। এজন্য নির্বাচন করে হারের গল্প তার ইতিহাসে নেই। যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি, সেসব নির্বাচনেও তিনি যত আসনে প্রার্থী হন, তার সবকটিতে জিতেছেন। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র উদাহরণ, যিনি ৫টি সংসদ নির্বাচনে ২৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে বিজয়ী হন। দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীও তিনি।

    ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া–৭, ঢাকা–৫, ঢাকা–৯, ফেনী–১ ও চট্টগ্রাম–৮—এই পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সব কটিতেই বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। একই সঙ্গে তিনি বিশ্বের ইতিহাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী হিসেবে প্রধানমন্ত্রী হন।

    ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। সেই নির্বাচনে ফেনী–১ ও ২, বগুড়া–৭, সিরাজগঞ্জ–২ ও রাজশাহী–২ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া। টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। তবে নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলে শপথ নেয়ার ১১ দিনের মাথায় পদত্যাগ করেন খালেদা জিয়া। ভেঙে দেয়া হয় সংসদ।

    পরে ১৯৯৬ সালেই, জুনে সপ্তম সংসদ নির্বাচন হয়। সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সেই নির্বাচনেও খালেদা জিয়াকে হারাতে পারেননি কেউ। বগুড়া ৬ ও ৭, ফেনী–১, লক্ষ্মীপুর–২ ও চট্টগ্রাম–১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতে বিজয়ী হন খালেদা জিয়া।

    পরবর্তীতে ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া–৬ ও ৭, খুলনা–২, ফেনী–১ ও লক্ষ্মীপুর–২—এই পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটি আসনে জয়লাভ করেন। বিএনপি সরকার গঠন করে আর খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।

    সবশেষ ২০০৮ সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্ধারণ করে দেয়। খালেদা জিয়া বগুড়া–৬ ও ৭ এবং ফেনী–১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনটি আসনেই বিজয়ী হন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়া ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব। আপসহীনতার কারণে দল-মতনির্বিশেষে সবাই তাকে পছন্দ করেন। সেইসাথে রাজপথের আন্দোলন এবং জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে বলেও মনে করেন বিশ্লেষকরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়