জেড নিউজ ডেস্ক:
শেষ পযন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলে খেলা হলো না বাংলাদেশি পেসার মুস্তাফিজের। কট্টর হিন্দুদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই-এর নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। দুপুরে কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল– মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।
দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’
ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরোনো। পাকিস্তানের সাথে এরআগে বহুবার এমন ঘটনা ঘটলেও বাংলাদেশ ক্রিকেটের সাথে এই প্রথম এমন বৈরি আচরণ।
আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। এরআগে মুস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতার মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানকেও ছাড়েননি উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন।



