জেড নিউজ, ঢাকা:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।
তিনি বলেন, ‘আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এ মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে।’
আজ রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। পরিকল্পনা কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে। বেশি দামে এসব পণ্য আমদানি করায় সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।’
আমির খসরু বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে আমদানির মাধ্যমেও মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে। আমদানিজনিত মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা চলছে। তবে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে। তবে পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ‘প্রথম বছরটি খুব কঠিন হবে। কিন্তু চতুর্থ বা পঞ্চম বছরেও যদি বলি আমরা পুনরুদ্ধার বা স্থিতিশীলতার পর্যায়ে রয়েছি, তা হতে পারে না। চতুর্থ ও পঞ্চম বছর হতে হবে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে।’
অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, অগ্রগতির চিত্র দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান উপস্থাপন করবে না। অর্থনীতির প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, ‘একটি উন্মুক্ত সরকারের লুকানোর কিছু নেই। তথ্য গোপন করে কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না। ভুল পরিসংখ্যান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে।’
অর্থমন্ত্রী বলেন, পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্থনীতির কিছু সূচক প্রত্যাশার তুলনায় দুর্বল থাকতে পারে। তবে কেন এমন হচ্ছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি সংশোধনে সরকার সঠিক পথে এগোচ্ছে কি না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উন্নতি করা হবে, তা জনগণকে জানাতে হবে।
ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দায়ের কারণে এ খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ধাপে ধাপে পুনরুদ্ধার প্রক্রিয়া চালাতে হবে।
তিনি বলেন, এ মুহূর্তে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার আশঙ্কা একসময় এ খাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আমানতকারীদের আশ্বস্ত করেছি, তাদের টাকা নিরাপদ এবং তারা তা ফেরত পাবেন। কোনো ধরনের হেয়ারকাট বা আমানতের অর্থ কেটে রাখা হবে না। তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।’
সরকারের এ আশ্বাসের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ব্যাংকগুলোতে নিট আমানতের প্রবাহ বাড়ছে।
পুঁজিবাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর অনিয়ম ও কারসাজির কারণে এ বাজারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে পুঁজিবাজার অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। এতে ভালো ও মানসম্পন্ন অনেক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ হারায়।
তিনি বলেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করা হয়েছে এবং নতুন কমিশন গঠন করা হয়েছে। কমিশনটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত। এতে কোনো রাজনৈতিক নিয়োগ নেই।
সংস্কারের পর বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে আরও ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।
বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষস্থানীয় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ওই বৈঠকে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, ‘এটি বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন। তারা বিশ্বাস করেন, বাংলাদেশের ভবিষ্যৎ রয়েছে এবং দেশের পুঁজিবাজারেরও সম্ভাবনা আছে।’
পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোর পটভূমি তুলে ধরে আমির খসরু বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কাঠামোর ধারণা তৈরি হয়নি। এর ভিত্তি রয়েছে ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রণীত দলের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এ।
তিনি বলেন, ওই পরিকল্পনা তৈরিতে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছিল। পরবর্তী সময়ে ২৭ দফা ও ৩১ দফার মতো রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন পর্যায়ের মতবিনিময়ের মধ্য দিয়েও বর্তমান কাঠামোর ধারণা বিকশিত হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের পর হঠাৎ করে এ ধারণা তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের চিন্তাভাবনা, আলোচনা ও মতবিনিময়ের ফল।’
তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে ব্যাপক আলোচনা ও পরামর্শের ভিত্তিতে এ কাঠামো তৈরি করা হয়েছে। এতে সরকারের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। দেশের প্রধান উন্নয়ন সহযোগীরাও এ কাঠামোর সঙ্গে একমত হয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, এআইআইবি ও জাইকার মতো সব উন্নয়ন সহযোগী এ পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে একমত।’
তবে উন্নয়ন সহযোগীদের সমর্থনই কাক্সিক্ষত সাফল্য নিশ্চিত করবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব বুঝতে হবে এবং অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘এ কাঠামো আমাদের একটি রূপরেখা ও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা এটি কীভাবে বাস্তবায়ন করব। নিজেদের চিন্তা ও কাজের মধ্যে এ কাঠামোকে ধারণ করতে হবে এবং যার যার দায়িত্ব নির্ধারণ করতে হবে।’
অর্থমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য ঘাটতি, প্রতিবন্ধকতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা চিহ্নিত করার আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি অর্জনে প্রয়োজন কৌশলগত পরিকল্পনা, বড় বিনিয়োগ এবং বেসরকারি খাত, সরকার ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সমন্বিত অংশগ্রহণ।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাছাই ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো- অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।
অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সর্বোত্তম ব্যবহার হচ্ছে কি না, অর্থনৈতিক সুফল কতটা পাওয়া যাবে, কর্মসংস্থান কতটা সৃষ্টি হবে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়বে— এসব বিষয় বিবেচনায় নিতে হবে।’
তিনি বলেন, সরকারি ব্যয় শুধু বাড়ালেই হবে না। এ ব্যয় থেকে পরিমাপযোগ্য অর্থনৈতিক সুফল ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ মূল্যায়ন করে সেগুলোর প্রকৃত সুফল ও অর্থনৈতিক প্রতিফলন যাচাই করতে হবে।
অর্থমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীনভাবে কাজ করার নির্দেশনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে বিবিএসকে সরকারের প্রভাবমুক্ত থেকে সঠিক তথ্য প্রকাশ করতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বিবিএসকে বলেছি, সরকারের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।’
গবেষকদের তথ্য ব্যবহারের সুযোগ বাড়াতে বিবিএসে একটি গবেষণা সুবিধা প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তথ্যপ্রাপ্তি আরও সহজ করতে অনলাইনে উপাত্ত উন্মুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে শুধু সরকারের ওপর নির্ভর না করে বেসরকারি খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাবিদ ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা শুধু সরকারি পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। বেসরকারি খাত, এনজিও ও শিক্ষাবিদদের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। কারণ জনগণকে বাইরে রেখে কোনো সরকারের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকলে এ কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে না। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, ‘শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষে এ কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। যেখানে প্রয়োজন, সেখানে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করুন।’
সম্মিলিত উদ্যোগ ও নির্ধারিত সময়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ কাঠামোর লক্ষ্য অর্জন সম্ভব বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় মানবসম্পদ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে একটি চলমান দলিল হিসেবে রাখার ওপর গুরুত্ব দেন তিনি। বাস্তবায়নের সময় বিভিন্ন অংশীজনের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রাখতে হবে।





