spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হিসাবরক্ষকদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন দিতে হবে, অযৌক্তিক চাপ প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি

জেড নিউজ, ঢাকা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ হিসাবরক্ষণ পেশাজীবীদের অযৌক্তিক চাপের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন প্রদানের আহ্বান জানিয়েছেন, যাতে বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা যায়।

তিনি বলেন, “একটি নিরীক্ষার (অডিট) বিশ্বাসযোগ্যতা মূলত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে। হিসাবরক্ষণ পেশাজীবীদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন দেওয়ার এবং অযৌক্তিক চাপ প্রতিহত করার সাহস থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, পুঁজিবাজার শক্তিশালী করতে এবং মানসম্মত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্যে প্রবেশাধিকার থাকতে হবে এবং একটি পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশের মধ্যে কাজ করতে হবে।”

আজ সকালে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ‘সামষ্টিক-আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং বিনিয়োগকারীদের আস্থা তৈরি’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আস্থা হলো একটি সুদৃঢ় আর্থিক ব্যবস্থার ভিত্তি; আমানতকারীরা ব্যাংকের ওপর তাঁদের সঞ্চয় গচ্ছিত রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক বিবৃতির ওপর নির্ভর করেন এবং নাগরিকরা আশা করেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ রক্ষা করবে।

দেশের আর্থিক খাতের পূর্ববর্তী অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, “পনেরো বছরেরও বেশি সময় ধরে প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার এবং করপোরেট সুশাসনের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে।”

তিনি যোগ করেন, “ব্যবসায়ী অলিগার্কদের সাথে এক অশুভ আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ জনগণের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, যা অর্থনীতিকে দুর্নীতি ও নৈরাজ্যের এক চক্রে ঠেলে দিয়েছে।”

রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বাংলাদেশের অর্থনীতির অবস্থার ওপর ২০২৪ সালের শ্বেতপত্রে অনুমান করা হয়েছে যে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ ট্রিলিয়ন টাকা) বিদেশে পাচার হয়েছে।

তিনি বলেন, “এর ফলে বার্ষিক গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১.৮০ ট্রিলিয়ন টাকা পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩.৫ শতাংশ।”

বাংলাদেশ ব্যাংকের তথ্যের উল্লেখ করে তিনি জানান, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬.০৭ ট্রিলিয়ন টাকা, যা মোট বকেয়া ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

এ খাতে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, স্বচ্ছতা বেদনাদায়ক হতে পারে, তবে এটি অপরিহার্য। প্রকৃত মাত্রা স্বীকার না করে আমরা কোনো সংকট মোকাবিলা করতে পারব না।

টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অর্থ পাচার বিরোধী ব্যবস্থা জোরদার করতে, ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা উন্নত করতে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার করতে এবং খেলাপি ঋণের বোঝা মোকাবিলা করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।”

রাষ্ট্রপতি বলেন, অনিয়ম, তহবিলের অপব্যবহার এবং অযৌক্তিক প্রভাবের বিরুদ্ধে সততা, জবাবদিহিতা এবং স্বচ্ছতাকে প্রতিরক্ষার প্রথম সারির হাতিয়ার হিসেবে কাজ করতে হবে।

নীতিনির্ধারণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “অর্থনীতিকে রক্ষা করা একটি সম্মিলিত দায়িত্ব, এটি কেবল নিরীক্ষকদের কাজ নয়। হিসাবরক্ষক, কর ও রাজস্ব কর্মকর্তা, ক্রয় প্রশাসক, প্রকল্প প্রকৌশলী এবং নীতিনির্ধারক—সকলেরই জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে।”

পরে তিনি অবৈধ আর্থিক প্রবাহ, জলবায়ু ঝুঁকি এবং প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল পারস্পরিক আস্থা ও সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও উদ্যোগের কথাও স্মরণ করেন।

এর আগে, সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনের জন্য আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে আয়োজকরা রাষ্ট্রপতিকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

সাফা সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলা উদ্দিন আহমদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়