spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কোটি টাকার সোনা

জেড নিউজ ঢাকা:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি করে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। যার মোট ওজন ৯.৩৩ কেজি।

উদ্ধার করা সোনার দাম প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন যে দুবাই থেকে আসা দুবাইয়ের ‘FZ523’ নম্বর ফ্লাইটে সোনার একটি বড় চালান আসছে।

খবর পেয়ে আনুমানিক রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা ফ্লাইটটির ভেতরে বিশেষ তল্লাশির সিদ্ধান্ত নেন।

কাস্টমস দল প্লেনে পৌঁছানোর পর দেখা যায়, সব যাত্রী নামিয়ে দেওয়া হয়েছে এবং প্লেনটি ফাঁকা অবস্থায় ছিল।

পরে রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ফাঁকা প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনের ‘19A’ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।

পরে উদ্ধার করা মোড়ানো বস্তুগুলো বিমানবন্দরে অবস্থিত কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে সেখানে ৮০টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৯.৩৩ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা সোনার দাবিদার পাওয়া যায়নি। সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশে এয়ারক্রাফটের সিটের নিচে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল, যা বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল। তবে কাস্টমস হাউসের তাৎক্ষণিক তৎপরতায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

জব্দ করা সোনার চালানটি অত্যন্ত মূল্যবান হওয়ায় উদ্ধারের পরপরই বিমানবন্দরের কাস্টমসের সংরক্ষিত ভল্টে জমা রাখা হয়। আইন অনুযায়ী স্থায়ী আদেশ মেনে বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়