মহাকাশ বর্জ্যের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের কারণে প্রায় ৯ দিন বিলম্বের পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিনজন নভোচারী। শুক্রবার শেনঝৌ-২১ নামের একটি মহাকাশযানে করে তারা চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া প্রদেশের ডংফেং অবতরণ কেন্দ্রে পৌঁছান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের ফিরে আসার দৃশ্য সরাসরি সম্প্রচার করে।
গত ৫ নভেম্বর চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানায়, মহাকাশে থাকা ক্ষুদ্র বর্জ্যের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের কারণে নভোচারীদের ফেরার অভিযান বিলম্বিত হয়েছে। সংস্থাটি জানায়, নভোচারীদের মূল মহাকাশযান শেনঝৌ-২০ তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত নয় এবং সেটি কক্ষপথেই অবস্থান করবে।
কক্ষপথে ২০০ দিনেরও বেশি সময় কাটানোর পর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন থেকে শেনঝৌ-২১ মহাকাশযানটি বিচ্ছিন্ন হওয়ার প্রায় তিন ঘণ্টা পর নভোচারীরা পৃথিবীতে অবতরণ করেন।
এই অভিযানের কমান্ডার চেন ডং প্রথম চীনা নভোচারী হিসেবে মহাকাশে ৪০০ দিনের বেশি সময় কাটানোর মাইলফলক অর্জন করেছেন। এ ছাড়া, ছয়বার মহাকাশ পদচারণার মাধ্যমে তিনি দেশের হয়ে সর্বোচ্চ রেকর্ডও গড়েছেন। মহাকাশযান থেকে বের করার পর নভোচারীদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত মাসে শেনঝৌ-২১ অভিযানে চীনের সর্বকনিষ্ঠ নভোচারীসহ তিনজনকে মহাকাশে পাঠানো হয়, যাদের সঙ্গে চারটি ইঁদুরও ছিল। পূর্ববর্তী অভিযানের নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব পালন করে এই শেনঝৌ-২১ মহাকাশযানটি।



