spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

জেড নিউজ স্পোর্টস:

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একপেশে দাপটের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জিমি-আমিরুলরা।

শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও আয়োজক জাপানের কাছে হেরে এবারের এশিয়ান গেমস শুরু করেছিল বাংলাদেশ। তার ওপর গত এপ্রিলে এশিয়ান গেমসের বাছাইপর্বে এই শ্রীলঙ্কার কাছেই দীর্ঘ ২০ বছর পর হারের তিক্ত স্মৃতি সঙ্গী ছিল দলটির। তবে এবার দাপুটে পারফরম্যান্সে সেই হারের মধুর প্রতিশোধই নিয়েছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে আজ পুল ‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। আট মিনিটেই লাল সবুজের প্রতিনিধিদের এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগান আমিরুল ইসলাম। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ১৬তম মিনিটে আশরাফুল ইসলামের গোলে স্কোরলাইন হয় ২-০। তবে এর দুই মিনিট পরই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। ১৮তম মিনিটে কুশল ভীরাপ্পোলি গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

তৃতীয় কোয়ার্টারে আবারও নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ৩-১ করেন আমিরুল। এরপর ৪৩তম মিনিটে মাহবুব হোসেইনের গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়।

শেষ কোয়ার্টারেও গোলের ক্ষুধা কমেনি বাংলাদেশের। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। এতে ব্যবধান দাঁড়ায় ৫-১। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনালটি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে, শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় রুখতে পারেনি।

গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। জার্মান কোচ পিটার গেরহার্ডের শিষ্যরা আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ও ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়