জেড নিউজ, ঢাকা:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হবে না।
তিনি বলেন, সংসদ নির্বাচনের চেয়ে এখানে তিনগুণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে, তাই এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন হবে না।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এবারও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ পাবে না। কেউ কোনো অপকর্ম করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হবে।
সানাউল্লাহ বলেন, এলাকার মানুষ অত্যন্ত সহজ-সরল। তাদের সরলতার অপব্যবহার করা হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। একইভাবে বাইরে থেকে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা হবে না, সেটিও নিশ্চিত করে বলা যায় না। তাই যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপতৎপরতা রোধে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।





