spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জাল সনদের অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকে তলব

জেড নিউজ, ঢাকা :

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১ অক্টোবর অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাঁদের। একই সঙ্গে বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

জাল সনদের অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকে তলব

গত ২৪ সেপ্টেম্বর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর এ–সংক্রান্ত চিঠি পাঠায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে ২৩ শিক্ষককে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। চিঠিটির একটি কপি পাওয়া গেছে এবং এর সঙ্গে তলব করা শিক্ষকদের তালিকাও রয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতার চাকরি করার অভিযোগ রয়েছে। অভিযোগটি সুষ্ঠুভাবে অনুসন্ধানের স্বার্থে ২৩ শিক্ষকের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন। এ কারণে তাঁদের নামের তালিকাসহ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা তারিখ ও সময়ে শিক্ষকদের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিতে অনুরোধ করেছে দুদক। এ সময় তাঁদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

কোনো শিক্ষক জরুরি কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে তাঁর বিএড সনদের মূল কপি ও এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অধ্যক্ষের জিম্মায় রাখার জন্যও অনুরোধ করেছে দুদক।

তলব করা ২৩ শিক্ষক হলেন—রুবিনা সুলতানা, মো. সোলায়মান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নূরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন এম মঞ্জুরুল হক।

তাঁরা সবাই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা থেকে বিএড সনদ নিয়েছেন। এসব সনদকে প্রাথমিকভাবে জাল হিসেবে চিহ্নিত করেছে দুদক।

প্রতিষ্ঠানটিতে অনেক শিক্ষক ভুয়া সনদে চাকরি করছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নথি পাওয়ার পর সম্প্রতি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে দুদক। এরই ধারাবাহিকতায় ২৩ শিক্ষককে তলব করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়