জেড নিউজ, ঢাকা:
ঈদের আমেজ কাটতে না কাটতেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ চলে এলো। পহেলা বৈশাখ মানেই মেলায় ঘুরে বেড়ানো, নানান রকম মজার খাবার খাওয়া আর আড্ডা। তবে এই গরমে ভারী মেকআপ করে মেলায় ঘুরে বেড়ানো একটু কঠিন বটে। তাই পহেলা বৈশাখে গরমে বাসায় থাকুন কিংবা বাইরে সাজ রাখুন হালকা।
পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। এতে আপনাকে দেখতে যেমন স্নিগ্ধ লাগবে, সেই সঙ্গে ছবিও ভালো আসবে। চলুন পহেলা বৈশাখে সাজ কেমন হতে পারে সেটা জেনে নেওয়া যাক।
কামিজের সঙ্গে সাজ
এবার পহেলা বৈশাখে যদি সেলোয়ার কামিজ পরার পরিকল্পনা থাকে তাহলে জেনে নিন সাজ কেমন রাখবেন। পহেলা বৈশাখ মানেই সাদা-লালের মিশেলে কাপড় পরা। সাদা, লাল কিংবা দুটি রঙই যদি আপনার পোশাকে থাকে তাহলে সাজ পোশাকের সঙ্গে মানানসই যেন হয় সেদিকে খেয়াল রাখুন। কামিজের সঙ্গে খুব জমকালো সাজ না দিয়ে হালকা একটি স্নিগ্ধ সাজ রাখতে পারেন।
প্রথমে ত্বক প্রস্তুত করুন সিরাম, ময়েশ্চারাইজার এবং প্রতিদিনের ব্যবহারের সানস্ক্রিন দিয়ে। এরপর লুজ পাউডার বা ফেস পাউডার দিয়ে কাভার করতে পারেন। আইব্রো এঁকে নিন হালকা করে। চোখে হালকা শ্যাডো, কাজল কিংবা শুধু মাশকারা ব্যবহার করুন। লিপস্টিপ, ব্লাশন এবং পারফিউম লাগিয়ে নিন। চুলগুলো ফেঞ্চ বেনি করে বেঁধে রাখতে পারেন গুছিয়ে।
শাড়ির সঙ্গে সাজ
অনেকে পহেলা বৈশাখে শাড়ি পরেন। শাড়ির সঙ্গে মানানসই সাজ আপনাকে সবার মধ্যে বিশেষ আকর্ষণীয় করে তুলতে পারে। ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। তবে মেকাপের আগে ত্বক ভালোভাবে প্রস্তুত করে নিন। চাইলে কয়েক টুকরো বরফ ঘষে নিন। এতে দীর্ঘক্ষণ আপনার মেকআপ ভালো থাকবে।
ন্যুড আইশ্যাডো, ব্লাশন, হাইলাইটার ও গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন পছন্দসই। চোখে টানা কাজল, আইলাইনার ব্যবহার করুন। শাড়ির সঙ্গে কাজল বেশ ভালো মানায়। কপালে ছোট্ট একটি লাল টিপ আপনার সাজকে পরিপূর্ণ করবে। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে রেশমি চুড়ি পরতে পারেন। মাটির বা কাঠের চুড়িও কিন্তু বেশ মানিয়ে যায়।
তবে অবশ্যই অতিরিক্ত সাজবেন না। এ সময় যখন তখন বৃষ্টি হতে পারে, তাই বাইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করুন। তাহলে বৃষ্টিতে ভিজলেও মেকআপ নষ্ট হবে না।
সবশেষে চুলগুলো খোঁপা করে কিছু গোলাপ কিংবা গাঁজরা গুঁজে দিতে পারেন। শাড়ির সঙ্গে খোঁপায় ফুল বেশ ভালো মানায়। বাঙালিয়ানা সাজের যেন শতভাগ পূর্ণ করে খোঁপার ফুল। তবে আপনার সুবিধামতো চুল ছেড়ে রাখতে পারেন কিংবা বেনি করতে পারেন।





