১৪/০৪/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ

    জেড নিউজ স্পোর্টস:

    নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবার নতুন এক চমক দিলেন। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে তিনি জানিয়েছেন, নেইমার এখনো দলে জায়গা পেতে পারেন।

    ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাত দিয়ে জানা গেছে, আনচেলত্তি সরাসরি বলেছেন, ‘তার কাছে দুই মাস আছে প্রয়োজনীয় গুণ দেখানোর।’ তবে তিনি এটাও জানিয়েছেন, তার চোখে নেইমারের ফর্মে ফেরাটা বেশ ভালো হয়েছে।

    সমস্যা হলো নেইমারের ফর্ম ধরে রাখাটা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে নেইমার ব্রাজিলের হয়ে আর মাঠে নামেননি। ক্লাব ফুটবলে ফিরলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

    তবে নেইমার সাধারণ কোনো খেলোয়াড় নন। ৭৯ গোল নিয়ে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। সম্প্রতি ফ্রান্সের বিপক্ষে হারের ম্যাচেও দর্শকরা তার নাম ধরে স্লোগান দিয়েছেন। আনচেলত্তি এখন স্বীকার করছেন, নেইমারের প্রতিভা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    এই বিশ্বকাপ হতে পারে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নেইমার থাকলে দলটি একটি ভিন্ন মাত্রায় পৌঁছাতে পারে।

    কিন্তু সময়মতো ছন্দে ফিরতে না পারলে দলে ফেরা হবে না। সেক্ষেত্রে ক্যারিয়ার তো শেষই, এই বিশ্বকাপ হয়ে থাকবে নেইমারের অনন্ত আক্ষেপের নাম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়