জেড নিউজ ডেস্ক।
শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অন্তবর্তী সরকার গঠিত হয় গত ৮ আগস্ট। এর মধ্যে ১০০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছে প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার। কলেবর বাড়ার পাশাপাশি দপ্তর বন্টন-পূন:বন্টন হয়েছে উপদেষ্টা পরিষদে। এ অবস্থায় বারবারই সামনে এসেছে জাতীয় নির্বাচন প্রসঙ্গ।
এতোদিন সরকারের পক্ষ সংস্কার ইস্যুকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির কথা বলা হলেও সম্প্রতি নির্বাচন নিয়ে বেশ স্পস্ট ইঙ্গিত দিলো অন্তবর্তী সরকার। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করেই হবে নির্বাচন।
এদিকে প্রধান উপদেষ্টার ওই ঘোষণাকেই যেন ফের প্রতিধ্বনিত করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। তাই অতি প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ শেষ করে দ্রুতই নির্বাচন দেওয়া হবে। সরকারে থাকা অধিকাংশ উপদেষ্টাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরতে আগ্রহী বলেও এসময় উল্লেখ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।





