মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত লিখন কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন সরদারের ছেলে।পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানার নেতৃত্বে এসআই আবু তালেবসহ ফোর্স গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। তাকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮,৯,১০,১১,১২,১৩ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ লিখনের নেতৃত্বে গত ২৩ জুন পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় একটি সরকারবিরোধী মিছিল বের করা হয়। এই ঘটনার পরে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। আজ দুপুরে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত লিখনের বিরুদ্ধে এর আগেও পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।



