মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাই জুলাই শহীদদের ঋণ পরিশোধের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক জাতীয় সেমিনারে এসব বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, হাজারো তরুণ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মুহূর্ত অতিক্রম করছে। জুলাই বিপ্লব ছিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের প্রতীক।
জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে অধ্যাপক ইউনূস বলেন,‘আমি আপনাদের আশ্বস্ত করছি, এই দায়িত্ব আমি পূর্ণ আন্তরিকতার সঙ্গে পালন করব।
তিনি বলেন, এই বিপ্লবের লক্ষ্য ছিল এমন একটি সমাজ গড়া যেখানে স্বাধীনতা, সমতা ও মর্যাদা সকল সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের মূলনীতি হবে। আমরা আজ এই সংস্কারযাত্রার অংশ হিসেবে দায়বদ্ধ। আমরা চাই এমন পরিবর্তন, যা একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যেন তা স্বৈরাচারে রূপ না নেয়।
নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ হলো বিচারব্যবস্থা, স্বাধীনতা এবং দক্ষতা। যতক্ষণ না এই তিনটি শব্দ প্রতিষ্ঠা করা যায়, ততক্ষণ আর কিছুই কার্যকর হবে না। আর একবার এই সঠিক পথে যাত্রা শুরু করতে পারলে, বাকি সবকিছুই সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা।
জেড নিউজ, ঢাকা।





