জেড নিউজ ডেস্ক :
প্রেমের খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী নাজনীন নীহা। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় তাঁর হবু স্বামীকে নিয়ে নানা জল্পনা। বিশেষ করে তিনি নাকি পাকিস্তানের একজন তরুণকে বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী।
সোমবার রাতে নিজের বক্তব্যে নীহা বলেন, ‘আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা। আর বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন নীহা। তখন থেকেই তাঁর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সোমবার তিনি আবারও ফেসবুকে জানান, তিনি ‘এনগেজড’। এরপরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে, তাঁর হবু স্বামী পাকিস্তানের নাগরিক। কোথাও কোথাও দাবি করা হয়, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাঁদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



