জেড নিউজ ডেস্ক।
ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতের গণমাধ্যমগুলোর একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন এবং ব্যবসাখাতে। দেশটিতে প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউমার্কেট ব্যবসায়ীদের। তারা বলছেন, বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করা হবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বলেন, ‘আমরা বাংলাদেশিদের বয়কট করব না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন। যতটা পারবো তাদেরকে নিরাপত্তা দেব।
কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল, সেটা এখন নেই। যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার জন্যও আহ্বান জানান তিনি।





