spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

২১৮ রান করেও হারল বাংলাদেশ চ্যাম্পিয়নস

জেড নিউজ ডেস্ক:

রনি তালুকদারের বিধ্বংসী ৯৬ রানের পর মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং—সবই যেন বৃথা গেল। ২১৮ রান তুলেও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসকে আটকাতে পারল না বাংলাদেশ চ্যাম্পিয়নস। চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর) শারজাহতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে ইমরুল কায়েস ৩ রান করে ফিরলেও রনি তালুকদারের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় দল। ৫৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৯৬ রান করেন রনি। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে থামে তার ইনিংস।

রনির সাথে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন ফজলে মাহমুদ। ২২ বলে ৩৬ রান করেন তিনি। শেষ দিকে মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিংয়ে সংগ্রহ আরো সমৃদ্ধ হয়। ২১ বলে ৪৩ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। তাতে ৪ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে শুরু থেকেই পাল্টা আক্রমণে নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল মাত্র ২৫ বলে ৫৬ রান করে দলকে দ্রুত এগিয়ে দেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান চ্যাডউইক ওয়ালটন। গেইল ফিরলেও থামেননি তিনি।

ওয়ালটনের ব্যাটেই জয়ের পথ সহজ হয় ক্যারিবীয়দের। ৪৩ বলে অপরাজিত ৯০ রান করেন তিনি, মারেন ৫টি চার ও ৮টি ছক্কা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম ৩ উইকেট নিলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

ম্যাচসেরা হয়েছেন ওয়ালটন। বড় সংগ্রহ গড়েও বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে রাখতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নসকে। এই নিয়ে আসরে তিন ম্যাচের সবগুলোতেই হারলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়