জেড নিউজ, ঢাকা:
হয়রানি নিরসনে আগামীকাল বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে।আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করা হয়েছে। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন। এই জামিননামাটা, একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে যেতে হয়।
কোনো কোনো ধাপে টাকা দিতে হয় উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, ১২টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হবে। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে।
এসময় এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।



