জেড নিউজ, ঢাকা:
রাজধানীর লালবাগ থেকে মানবপাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮) কে আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা। গতকাল শনিবার বিকেলে লালবাগ থানাধীন পলাশী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাহাপাড়া এলাকায় বসবাসকারী মো: আলিমুল করিম (৪০)’কে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১৩ লাখ টাকা আদায় করে আসামি সালাউদ্দিন শেখ। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর পরিবর্তে ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানো হয়| সেখান থেকে তাকে মিশর ও ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে লিবিয়ার মরুভূমির একটি নির্জন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়| এসময় ভুক্তভোগীর পরিবারকে তিনি লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে আটক রয়েছেন জানিয়ে মুক্তির জন্য আরও ১০ লাখ টাকা দাবি করে| নিরুপায় হয়ে ভুক্তভোগীর স্ত্রী আরও ৪ লাখ টাকা প্রদান করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি|
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রুজু করা হয়| পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন শেখকে গ্রেফতার করে র্যাব-১০|
পরবর্তী আইনী পদক্ষেপ নিতে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|



