spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ব্রাইডাল ফটোশুটে অপু–আদর; ভক্তদের প্রশংসা

জেড নিউজ ডেস্ক :

ব্রাইডাল ফটোশুটে প্রায়ই দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সিনেমার কাজের ব্যস্ততা কিছুটা কম থাকলে মেকওভারের বিভিন্ন আয়োজনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন এক ব্রাইডাল ফটোশুটে কনে সাজে দেখা গেল অপুকে। তাঁর সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সেখানে বর-কনের সাজে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ছবিগুলো প্রকাশ করে অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’

ফটোশুটে অপুকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গায়। সঙ্গে ছিল হলুদ ওড়না। পোশাকের সঙ্গে ভারী গয়না তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা। অন্যদিকে আদর আজাদের পরনে ছিল লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের সাজে দুজনকে বেশ কয়েকটি ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।

কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর আজাদ, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে দুজনের পোজ—ছবিগুলোতে ছিল বিয়ের আবহ। ফটোশুটের কিছু ছবিতে দুজনকে একই ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাও করছেন অনেকে। কেউ কেউ তো দুজনের জুটি নিয়ে মন্তব্য করেছেন, তাঁদের একসঙ্গে বেশ মানিয়েছে।

তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বিশেষ একটি ব্রাইডাল ফটোশুট। এই আয়োজনের মেকওভার, স্টাইলিং, পোশাক, গহনা ও কনসেপ্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন অপু বিশ্বাস।

সিনেমার পর্দায় নিয়মিত জুটি হিসেবে দেখা না গেলেও এই ফটোশুটে অপু বিশ্বাস ও আদর আজাদের রসায়ন নজর কেড়েছে তাঁদের অনুসারীদের। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো নিয়ে চলছে আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়