জেড নিউজ স্পোর্টস:
২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ দূত নাকি ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও একই পরামর্শ দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
এদিকে জাম্পোলি মনে করেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে সুযোগ দেওয়া উচিত। যদিও ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
তিনি বলেন, আমি ট্রাম্প ও ইনফান্তিনোকে ইতালিকে ইরানের বদলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি। ইতালির চারটি বিশ্বকাপ শিরোপা রয়েছে, তাই তাদের এই মঞ্চে থাকা উচিত।
অন্যদিকে, ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়ামালি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশটির বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপরই নির্ভর করছে এই সিদ্ধান্ত।
তিনি বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপে খেলব কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।



