পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।জিয়ানগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান। সভাপতিত্ব করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।
ফাইনাল খেলায় মোড়েলগঞ্জ প্রবাসী টাইগার্স ফুটবল একাদশ ২-১ গোলে জিয়ানগর রয়েল বয়েজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেয়া হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে ভবানীপুর ও আশপাশের গ্রামাঞ্চলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।



