পিরোজপুর প্রতিনিধি:
সদ্য ভুমিষ্ট হওয়া শিশু ও স্ত্রী রয়েছে হাসপাতলে। অথচ শিশুটির বাবা মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে বন্দি। পিরোজপুর জেলার ৩ জেলে এবং পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোড়লগঞ্জের ১০ জনসহ মোট ১৩ জেলে মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে আটক রয়েছেন।
ঘটনা গত ১২ সেপ্টেম্বরের। সেদিন বিকেলে একটি ফিশিং ট্রলার নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় জেলেরা। সাগরের ১নং চালনার খাড়িবয়া এলাকায় জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়।
কুল কিনারা না পেয়ে সাগরের স্রোতে ভেসে ট্রলারসহ জেলেরা চলে যায় ভারতের সীমানায়। ১৭ সেপ্টেম্বর পিরোজপুরের ৩ জেলে এবং পার্শ্ববর্তী চন্ডিপুর এলাকার ১০ জনসহ ১৩ জেলেকে ট্রলারসহ আটক করে ভারতের কোস্টগার্ড। পরে তাদের পশ্চিমবঙ্গের একটি জেলহাজতে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেদের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানির খায়রুল বাশার নামের একজন। তার সদ্য ভূমিষ্ঠ সন্তান ও স্ত্রী হাসপাতালে। এমন খুশির দিনে সন্তানের মুখ না দেখে ভারতের জেলে খায়রুল। এ কারণে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া।
জেলেদের পরিবারের পক্ষ থেকে পিরোজপুর জেলা মৎস্য বিভাগে মুক্তির বিষয়ে আবেদন করা হয়েছে। উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় সেই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ



