জেড নিউজ ডেস্ক:
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, সাংবাদিক আবুল কাসেম, এড. আকবর হোসেন, এড. শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হলেও পুলিশ এখনো সব আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, এটা দুঃখজনক। এই ব্যর্থতা শুধু পুলিশের নয়, এটা রাষ্ট্রের ওপরও বর্তায়, রাষ্ট্র এ দায় এড়াতে পারে না।
বক্তারা বলেন, হত্যা মামলার প্রধান আসামি মাদকাসক্ত নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ গ্রেপ্তারে পুলিশের কৃতিত্ব কম। তাই অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। নইলে পুরো জেলাবাসীকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে ওই রাতেই ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামিসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।





