রাজবাড়ী প্রতিনিধি:
দুর্ঘটনা নিয়ন্ত্রণে ২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলে‘ নিষেধাজ্ঞা রয়েছে। এর একটি রাজবাড়ী-খুলনা মহাসড়ক। এই মহাসড়কে কাগজে-কলমেই তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন।
দেশের অন্যতম প্রধান এই মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ফরিদপুর পর্যন্ত মহাসড়কে তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে। এতে সমস্যায় পড়ছেন বাস, ট্রাকসহ বড় যানবাহনের চালকেরা। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্বল্প দূরত্বের জন্য মহাসড়কে সহজলভ্য যান হিসেবে এসব নিষিদ্ধ যান বেশ জনপ্রিয়। পরিবহন স্বল্পতায় অনেকটা বাধ্য হয়ে এসব যানে চলাচল করেন যাত্রীরা।
নিষিদ্ধ এসব যানের অধিকাংশ চালক অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ। যার ফলে মহাসড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। পুলিশ বলছে, গত আগস্ট মাসে ৫টি সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং সেপ্টেম্বর মাসে তিনটি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।
নিয়মনীতির তোয়াক্কা না করে আইন–শৃঙ্খলা বাহিনীর সামনেই মহাসড়কে দাপটের সাথে অবাধে চলাচল করছে নিষিদ্ধ এসব যান। এজন্য নিয়মিত অভিযানের কথা বলছে পুলিশ।



