জেড নিউজ ডেস্ক :
বলিউড তারকা শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না । গত আগস্টে তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলায় মঙ্গলবারই পাঁচ ঘণ্টার জেরায় শিল্পার বয়ান রেকর্ড করে মুম্বাই পুলিশ। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার বোম্বে হাইকোর্টে চরম বিপাকে পড়ল এই তারকা দম্পতি।
ভারতীয় প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বর মাসে ৬০ কোটির আর্থিক জালিয়াতি মামলায় তারকা দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে মুম্বাই পুলিশ। ইচ্ছে করলে যখন-তখন রাজ-শিল্পার দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাদের। সেই লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে পালটা বোম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা।
কিন্তু তারকাদম্পতির আবেদন নাকচ করে দেয় আদালত। বোম্বে হাইকোর্টের পক্ষ থেকে তাদের স্পষ্ট জানানো হয় যে, “আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান।”
এদিকে বম্বে হাইকোর্টের কাছে ঘুরতে যাওয়ার আবদার জানানোর পরই একের পর এক মন্দিরে সপরিবারে পুজো দিতে দেখা যায় শিল্পা শেঠিকে। কিন্তু ঈশ্বরের দরবারে গিয়েও আর্থিক প্রতারণা মামলা থেকে নিস্তার পেলেন না এই অভিনেত্রী ।
শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। সেই প্রেক্ষিতেই সম্প্রতি রাজ-শিল্পার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে মুম্বাই পুলিশ



