জেড নিউজ, ঢাকা:
রাজধানীর আশকোনা এলাকায় পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দেবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আশকোনা এলাকায় জরুরি ভিত্তিতে পাইপলাইন মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। এ কারণে আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
সংস্থাটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে মেরামত কাজের সময় এসব এলাকায় রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে।



