জেড নিউজ ডেস্ক:
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৮ জনের ব্যাপারে বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ।
এর আগে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ অভিযান চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে সর্বমোট ১৭০ জনকে আটক করা হয়। আটক ১৭০ জনের মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে, ১০ জনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল এবং আরও ছয়জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মোট ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।





