জেড নিউজ ডেস্ক :
বলিউডে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু রণবীর সিং। মেগাবাজেটের সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন গড়িয়েছে ক্ষতিপূরণের আলোচনায়। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের এই সিনেমা কাজ করার কথা থাকলেও মাঝপথে প্রকল্প ছেড়ে দেন রণবীর।
সিনেমার থেকে রণবীরের সরে দাঁড়ানোর পর প্রযোজনা সংস্থা এক্সেল ইন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি ওঠে। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি মিলে প্রায় ৪০ কোটি টাকা দাবি করেছিলেন অভিনেতার কাছে। তবে প্রথমদিকে এই দাবিকে মানতে নারাজ ছিলেন রণবীর।
এই বিবাদ মেটাতে ভারতের প্রোডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল বলে শোনা যাচ্ছে। এর মধ্যে গুঞ্জন উঠেছিল, আমির খান দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দিচ্ছেন। তবে আমির খান পরে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়ে জানান, এই বিতর্কের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
নতুন করে শোনা যাচ্ছে, সম্পর্কের টানাপোড়েন মেটাতে বাধ্য হয়ে নিজেই এগিয়ে এসেছেন রণবীর। ইতিমধ্যে তিনি ‘ডন ৩’-এর জন্য নেওয়া অগ্রিম পারিশ্রমিক প্রায় ১০ কোটি রুপি ফেরত দেওয়ার কথাও ভাবছেন তিনি।
এছাড়াও গুঞ্জন রয়েছে, নিজের পরবর্তী ছবি ‘প্রলয়’-এর একটি অংশীদারিত্বও ফারহান আখতারের হাতে তুলে দিতে পারেন রণবীর। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
‘ডন-২’ বিতর্কে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে। তবে রণবীর যদি সত্যিই নিজে থেকে এগিয়ে এসে সমাধানের পথ খোঁজেন, তাহলে বলিউডে এই ঘটনাটি বড় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।



