spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইতিহাস গড়া চুক্তিতে এনজোকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি

জেড নিউজ স্পোর্টস:

প্রিমিয়ার লিগের যৌথ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ক্লাবটি জানিয়েছে, ২৫ বছর বয়সি এই তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। গত মৌসুমে একই অঙ্কের অর্থ ব্যয় করে নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেক্সান্দার আইসাককে দলে নিয়েছিল লিভারপুল।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য এনজো সাম্প্রতিক সময়ে চেলসিতে কঠিন সময় পার করছিলেন। প্রাক-মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ এবং ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে সমর্থকদের অসন্তোষের মুখে পড়েন তিনি। নতুন কোচ জাবি আলোনসো লুটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচের দল থেকেও তাকে বাদ দেন। তখন আলোনসো বলেছিলেন, ‘এই মুহূর্তে স্কোয়াডের বাইরে থাকাই তার জন্য ভালো।’

সিটির সঙ্গে চুক্তির পর উচ্ছ্বাস প্রকাশ করে এনজো বলেন, ‘এ ধরনের ক্লাবের অংশ হতে সবাই চায়। সিটি যেভাবে পরিচালিত হয়, তা সবাই জানে। এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। ক্লাবের ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। এই ক্লাব সাফল্যের জন্যই তৈরি।’

গত মৌসুমে নিজের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এনজো। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর তিনি বলেছিলেন, পরের মৌসুমে চেলসিতে থাকবেন কি না, তা নিশ্চিত নন। এরপর সাবেক কোচ লিয়াম রোসেনিওর তাকে দুই ম্যাচের জন্য দল থেকে বাদ দেন। পরে মাদ্রিদ শহরকে নিজের পছন্দের গন্তব্য বলায় রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

চেলসিও তাকে বিক্রির বিষয়ে আগ্রহী ছিল। ক্লাবটি আগ্রহী দলগুলোর জন্য ১৪ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং এনজোর মূল্য নির্ধারণ করেছিল ১২০ মিলিয়ন পাউন্ড। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডে কেনা এই মিডফিল্ডারকে লাভে বিক্রি করতে চেয়েছিল ব্লুজরা।

নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আলোচনার গতি থামেনি। ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন এনজো। শেষ পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় দুই ক্লাবের মধ্যে নিবিড় আলোচনার পর চেলসির চাওয়া দামের চেয়েও ৫ মিলিয়ন পাউন্ড বেশি দিয়ে তাকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। এর মাধ্যমে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার সম্পন্ন করল ইংলিশ চ্যাম্পিয়নরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়