বাসস:
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আন্তর্জাতিক মহলে দেশের নাম উজ্জ্বল করতে বর্তমানের কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ মাদরাসা, রাজশাহী শাখার ‘বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মানুবর্তিতা, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে তা খুবই প্রশংসনীয়।’
সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এর আগে শিক্ষার্থীদের অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং দেশের গান পরিবেশন করা হয়। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ক্রেস্ট ও মেধা পুরস্কার প্রদান করা হয়।




